পশ্চিমবঙ্গের হাওড়া জেলার মাকড়দহ গ্রামের পূর্বান্নপাড়ায় (বানানভেদে পূর্বাহ্ন পাড়া) উজ্জ্বলতম, উচ্চতম ও সর্বাধিক সময় জ্বলবে এমন তুবড়ি তৈরির প্রতিযোগিতাটি প্রতিবছর আয়োজিত হয়। আদ্যিকাল থেকে এই প্রথা চলে আসছে বলেই এলাকার মানুষজন জানেন। ক্রিসমাস ট্রি বা রোমান মোমবাতি-সদৃশ আতসবাজি তুবড়ির কিন্তু একেবারে লাগসই কোনও পশ্চিমা সংস্করণ নেই। গ্রামবাংলায়, তুবড়ি গড়ায় দক্ষ লোকজন কালিপুজোর সময় নিজেদের ভাইপো তথা অল্পবয়সি ছেলেপিলেদের তুবড়ি-সহ নানান আতসবাজি বানানোর তালিম দিয়ে থাকেন। প্রতিযোগিতাটি দীপাবলির সপ্তাহ দুয়েক পরে অনুষ্ঠিত হলেও, আদতে তা দীপাবলির উদযাপনের অংশ বলেই ধরা হয়।
সন্ধ্যার ঠিক আগে, পূর্বান্নপাড়ার প্রধান চত্বর, যেখানে আর পাঁচটা অনুষ্ঠানই আয়োজিত হয়, সেখানেই দুটি বাঁশের খুঁটি পুতে প্রস্তুতিপর্বের সূচনা হয়। তৃতীয় একটি বাঁশ রাখা থাকে প্রতিযোগিতায় সামিল তুবড়িগুলির উচ্চতা মাপার জন্য, যা প্রায় ৭০ ফিট অবধি ওঠে।
















