ফসলের খেতে বাঘ এলে আমাদের কোরকু সমাজে তাকে শুভ বলে মনে করি। বাঘের পায়ের ছাপ কৃষকের ধনসম্পদ বৃদ্ধির ইঙ্গিত দেয়। চারিদিকে সমৃদ্ধি ডেকে আনে।
আমি রামলাল। আমার জন্ম মহারাষ্ট্রের মেলঘাট টাইগার রিজার্ভের [এমটিআর] বাফার অঞ্চলের পায়ভিহীর গ্রামে। আর আমি বসন্ত, এমটিআরের মূল এলাকা বোরাট্যাখেড়ার বাসিন্দা। আমরা দুজনেই কোরকু আদিবাসী এবং দুজনেই কয়েক প্রজন্ম ধরে এই জঙ্গলে বসবাস করে আসছি।
গরু অথবা ষাঁড়ের গোবরে বাঘের নখের ছাপ দেখতে পাওয়া যে শুভ, আমাদের বেড়ে ওঠা এই জ্ঞান নিয়েই। ছাপযুক্ত গোবরের টুকরোটি খামারে এনে রাখা হয়। মনে করা হয়, এটি থাকলে ঘরে কখনও অন্নের অভাব হবে না।
আমরা ভুট্টা, জোয়ার, ধান, গম, বাজরা, সোয়াবিন, চিনাবাদাম, তিল, অড়হর, মুগ, ছোলা এবং অন্যান্য ডাল জাতীয় শস্য উৎপাদন করে থাকি। বেশিরভাগ নিজেরাই খাই এবং সামান্য কিছু অংশ বিক্রি করি। আমাদের সম্প্রদায়ের বেশিরভাগ চাষিরই জঙ্গলে চাষাবাদের জন্য নিজস্ব বনাধিকার রয়েছে। আমরা বৃষ্টির উপরেই নির্ভরশীল, তবে, সেচের জন্য কাছেপিঠের নদী অথবা কুয়োর জলও ব্যবহার করে থাকি।
















