পূর্ণবয়স্ক মানুষের হাতের তেলোতে অনায়াসে ধরে যায় ইয়া য়াহ। য়াহ বা বাঁশ দিয়ে তৈরি বাদ্যযন্ত্রটি দৈর্ঘ্যে মাত্র সাড়ে চার ইঞ্চি, এবং এ চত্বরে “প্রেমের প্রতীক” হিসেবে খ্যাত, ছোট্ট বাঁশের ফালিটি মুখে তুলে নিতে নিতে জানালেন নাপ লো।
নাগাল্যান্ডের মোন জেলার বাসিন্দা বৃদ্ধা নাপ এককালে চাষের কাজ করতেন। আমাদের সঙ্গে কথা বলতে বলতেই আস্তিন থেকে খুদে বাদ্যযন্ত্রটি বার করে আনেন তিনি। বাঁ হাত দিয়ে বাঁশের ফালি ও তারের একটা দিক চেপে রাখলেন। ডান হাতে রংবেরঙের সুতো ঝোলানো অন্য প্রান্তের তারটা টেনে ধরলেন। বাজনা শুরু হল।
নাপের পাশে বসে তাঁর ছোটোবেলার বান্ধবী ইং লি এবং নিয়েলই, সবাই ষাটোর্ধ্ব। মোন গ্রামের ব্যাপ্টিস্ট গির্জার পাশের মাঠে আয়োজিত আওল্যাং-এ ঘুরতে এসেছেন তিনজনে।






