“চোখে অন্ধ, কিন্তু আপনার দিকে দেখছে দেখুন,” বললেন মদনলাল মুর্মু। আমার চোখ তখন আটকে আছে উজ্জ্বল হলুদ গোল গোল চোখজোড়ায় – বস্তির ধূলিধূসরিত পরিবেশে তীব্র রঙিন দুই বিন্দু। কাছে গিয়ে একটা ছবি তোলার চেষ্টা করি, কিন্তু সে মুখ ফিরিয়ে নেয়। আমি আবার ঘুরে তার সামনে যাই, এবারে ছবি ওঠে।
মদনলাল মুখ দিয়ে একটা আওয়াজ করলেন, ওরা তাতে সাড়া দিল বলে মনে হল। মদনলাল মৃদু হেসে আমার আলাপ করালেন তাঁর পোষ্য দুই প্যাঁচার সঙ্গে, সিধু মুর্মু আর কানহু মুর্মু। “ওরা এই পরিবারেরই সদস্য,” বলছেন তিনি।







