কিরণ গাহালা (৫৪) ও তাঁর মতো অসংখ্য আদিবাসী চাষি এই অনুভূতিটাকে খুব ভালো করে চেনেন।
জানুয়ারি ১৯, ২০২৬। পালঘর জেলার দোলহারি বুদ্রুক গাঁ, গায়ে লাল গেঞ্জি আর গলায় মাফলার চাপিয়ে তাঁর ছোট্ট ভিটে থেকে বেরিয়ে এলেন কিরণ ভাউ। বাইরে একটা টেম্পো ট্রাকে তাঁর আদিবাসী সাথীরা অপেক্ষা করছিলেন, তাতে চেপে চারোটি গ্রামের পথে রওনা দিলেন তিনি। সেদিন সেখান থেকেই যে সারা ভারত কৃষক সভা (অল ইন্ডিয়া কিষান সভা, এআইকেএস) মহারাষ্ট্রের নেতৃত্বে আরও একখানা দীর্ঘ মিছিল বেরোনোর কথা।
চারোটি গাঁয়ে তখন হাজার হাজার চাষির ভিড়। এআইকেএস তথা সংবাদমাধ্যমের হিসেবে হাজার পঞ্চাশেক তো হবেই। মূলত পালঘর জেলার বিভিন্ন আদিবাসী জনগোষ্ঠীভুক্ত মানুষজন। ভূমি অধিকার আইনের স্বচ্ছ বাস্তবায়ন, মনরেগা ফিরিয়ে আনা, ওয়াধবন বন্দর রদ, পানীয় জল তথা সেচ পরিষেবা-সহ নানান দাবি-দাওয়া নিয়ে কালেক্টরেট অফিসের দিকে পা বাড়াল মহামিছিল।











