অন্ধ্রপ্রদেশ সরকার, কৃষ্ণা নদীর ধারে নিজেদের স্বপ্নের রাজধানী, অমরাবতী গড়তে ২৯টি গ্রাম জুড়ে বিপুল পরিমাণ আবাদি জমির দখল নেওয়ার পর নব্য নাগরিক হিসাবে যারা সবার আগে এখানে ঘাঁটি গেড়েছে তাদের বেশিরভাগের আবির্ভাব হয়েছে চার পায়ে হেঁটে।
সরকার জমি নিয়ে অধিগ্রহণ করার সঙ্গে সঙ্গে চাষাবাদ থমকে গেছে; চাষের জমি পরিণত হয়েছে চারণভূমিতে। আদৌ এই রাজধানী গড়ে উঠবে কিনা তাঁর ঠিকঠিকানা নেই, ফলে অনিশ্চিত হয়ে পড়েছে হাজার হাজার কৃষিশ্রমিকের ভবিষ্যৎ। অন্যদিকে, তিন-ফসলি এই উর্বর জমিতে অজস্র ছাগল নিয়ে প্রতিদিনই হাজির হচ্ছেন ছাগল-খামারির দল। “আমি খবরের কাগজে পড়েছি যে এখানে নতুন শহর গড়ে তোলার জন্য সরকার থেকে চাষিদের এই জমিতে চাষাবাদ নিষেধ করে দিয়েছে,” বললেন, গোরিপার্থি লাধার নামে জনৈক ছাগল-প্রতিপালক।








