“জলে ভীষণ বাজে গন্ধ, কিন্তু আমাদের আর কীই বা করার আছে?”
সূর্য পাটে যেতে বসেছে, বচ্চা দেবী তৈরি হচ্ছেন দিল্লির যমুনা নদীতে ডুব দেওয়ার জন্য। কালিন্দী কুঞ্জ ঘাটে তাঁর মতো হাজার হাজার মানুষ এসেছেন নয়ডা, দিল্লি ও ফরিদাবাদ থেকে নভেম্বরের প্রথম সপ্তাহে ছট মহাপরব উদ্যাপনে – সূর্য, জল, বায়ু ও প্রকৃতির প্রতি উৎসর্গীকৃত এক বার্ষিক উৎসব। “আমাদের কাছে ছট সবচেয়ে বড়ো উৎসব, দিওয়ালির চেয়েও বড়ো,” বলছেন রাজেশ মন্ডল। বিহারের খাগাড়িয়া থেকে আগত ৪৫ বছরের রাজেশ অধুনা দিল্লির অভিবাসী।
চার দিনের ছট পুজোয় সবচেয়ে পবিত্র হল তৃতীয় দিন, যেদিন সান্ধ্য অর্ঘ্য হয়। বিবাহিতা মেয়েরা প্রায় ঘণ্টাদুয়েক টানা কোমরজলে দাঁড়িয়ে অস্তগামী সূর্যের কাছে প্রার্থনা করেন। দিল্লি এবং আশপাশের অঞ্চলের মানুষদের কাছে যমুনার ভয়াবহ দূষিত জলই এই পুজোর একমাত্র জায়গা।



















