“কনের মা কড়া করে বলে দিয়েছে, ক’টা হাতে বোনা দউরি ছাড়া যেন আর কিছু না দেওয়া হয়,” স্মিত হেসে বলেন চন্দ্রাবতী দেবী। “আমরা দামি উপহার কিনতে পারি না, কিন্তু আমাদের এখানে এভাবেই উপহার দেওয়ার রীতি,” ভাইঝির আসন্ন বিয়ের উপহার প্রসঙ্গে বলতে গিয়ে যোগ করলেন তিনি।
বনিয়া ছাপর গ্রামের বাসিন্দা ৪৫ বছরের চন্দ্রাবতী দেবী শুকনো মুঞ্জ ঘাস দিয়ে দউরি নামের ঝুড়ি বোনায় দড়। এই অঞ্চলে বিয়ের কনের উপহার হিসেবে জনপ্রিয় এই ঝুড়ি, বিয়ের আচার-অনুষ্ঠানেও ব্যবহৃত হয়। চন্দ্রাবতী আদতে চাষি, আধা বিঘা চাষজমি আছে। ঝুড়ি বোনেন অবসর সময়ে।
দউরির গুণ অনেক। “আমাদের শস্য, মিঠাই, আটা কি সবজি রাখার জন্য দেরাজ থাকে না। তার বদলে আমরা দউরিতে রাখি,” জানালো চন্দ্রাবতীর ১৮ বছর বয়সি মেয়ে পুষ্পা।
বিহারের গোপালগঞ্জ জেলায় তাঁদের বাড়ির দেওয়ালে ঠেস দিয়ে ডাঁই করে রাখা আছে মুঞ্জ ঘাসের বান্ডিল। এখন ডিসেম্বর মাস, বুনো ঘাসগুলো সবে সংগ্রহ করে আনা হয়েছে। সারা গ্রীষ্ম জুড়ে শুকানো হবে।














