"অ্যালুমিনিয়াম পাতিরম [অ্যালুমিনিয়াম বাসওওওওন…]!"
"নিজের শরীর নিংড়ে যেটুকু আওয়াজ বার করতে পারি, করি। আমার কাছে ওসব স্পিকার-টিকারের বালাই নেই। সব এই নিঃশ্বাসের খেলা।“
"আমি গণেশন। বাইসাইকেলে করে জিনিসপত্তর ফিরি করি। প্লাস্টিক বা ধাতুর বাসনকোসনের মতো এইসব টুকটাক গেরস্থালির জিনিস বেচে নিজের বালবাচ্চার পেট চালাই। আজ ভাত জোটাতে গেলে কিন্তু কয়েকটা কলসি অন্তত বেচে ফেলতেই হবে। নাও নাও, চলো!"
কড়াইকুড়ির কাছে কানাড়ুকথনে গণেশন আন্নার সঙ্গে প্রথম মোলাকাত আমার। ছবি দিয়ে একজন মানুষের জীবনের কথা তুলে ধরব – এই ফিকিরেই ঘুরছিলাম তখন। আমাদের দেখা হওয়ার দিন, বছর একষট্টির এই ফিরিওয়ালা গিয়েছিলেন কোথামঙ্গলম গাঁয়ে। আমার আবদারটা শুনে, চওড়া একখানা হাসি দিয়ে তৎক্ষণাৎ রাজি হয়ে গেলেন।






















