নিপুণ হাতে ফিনফিনে সুতোয় ভ্রু প্লাক করে চলেছেন রেণু ঠাকুর। “গ্রামের সব কলেজপড়ুয়া মেয়েরা আমার থেকেই ভ্রু প্লাক করাতে আসে,” বলে ওঠেন কমলেহর গ্রামের রূপসজ্জা ব্যবসার অন্যতম এই উদ্যোগী।
“এটাই হল মেকআপের সবচেয়ে কঠিন ধাপ, বুঝলেন?” খদ্দের জ্যোতির মুখে ফাউন্ডেশনের পাতলা প্রলেপ লাগিয়ে চোখের চারপাশে ব্রাশ বুলোতে বুলোতে বলে চলেন বছর বত্রিশের রেণু, “এই ক্রিমে মুখের ত্বক মসৃণ হবে, তাতে মেকআপ ফুটবে ভালো।”
শুরু যখন করেছিলেন বয়স তখন ২১; তারপর দেখতে দেখতে মেকআপ ইন্ডাস্ট্রিতে ১১ বছর কাটিয়ে ফেলেছেন। “ছোটো থেকেই এসব ভাল্লাগতো, তখনই ঠিক করে ফেলি পার্লারের কাজ শিখব।” ১৬ বছর বয়সে একবার ছুটি কাটাতে দিল্লি যাওয়ার সুযোগ হয়, রেণুর বাবা তখন সেখানে কর্মরত। সেসময় দিল্লিতেই হাজার তিনেক টাকায় ৬ মাসের মেকআপের কোর্স করে ফেলেন রেণু। “এর আগে গ্রামের কেউ এই কোর্স করেনি, তাই আর না ভেবে সিদ্ধান্ত নিয়ে ফেলি।”










