মানুষের নিয়ন্ত্রণেই গবাদিপশুর এই যাত্রা। প্রতি বছর তীব্র গ্রীষ্মের সময়ে ওড়িশার জগৎসিংহপুর জেলার গোয়ালারা টাটকা চারণভূমির খোঁজে তাঁদের গৃহপালিত মোষের দল নিয়ে দেবী নদী পারাপার করেন। চারণ শেষে ফের সাঁতরে তারা এপারে ফিরে আসে। তানজানিয়ার সেরেঙ্গেটি ন্যাশনাল পার্কের সেই বিখ্যাত পরিযানের সঙ্গে হয়তো এর তুলনা চলে না, তবে দৃশ্যটি সত্যিই দেখার মতো।
নাহরানা গ্রাম পঞ্চায়েতের কাছে একবার এই দলবদ্ধ যাত্রার দৃশ্যটি আমার চাক্ষুষ করার সুযোগ হয়েছিল। গ্রামটি দেবী নদীর তীরে অবস্থিত। উপকূলীয় ওড়িশার জগৎসিংহপুর ও পুরী জেলার ওপর দিয়ে বয়ে চলা এই নদীটি আদতে মহানদীর অন্যতম প্রধান শাখা।























