…মনউল ছোলে গ্যাল লো
মনউল ছোলে গ্যাল লো
("চিরজীবী হোক মোনপা ভূমি
বেঁচে থাক মনউল...”)
স্কুলের প্রার্থনাসভার শেষ গানটা শুনে একটু খটকা লাগল আমার। গানটা আগে শুনিনি, ভাষাও অচেনা, তবে সেটাই একমাত্র কারণ নয়। আসলে, হিমালয়ের এই উপত্যকায় স্থানীয় লোকেদের যে জবানে কথা বলতে শুনেছি এ গানের ভাষা তার চেয়ে অনেকটাই আলাদা। মোনপা জীবনের খুঁটিনাটি দস্তাবেজিকরণের কাজে পশ্চিম কামেং জেলার চুগ গ্রামে এসে রয়েছি বেশ কিছুদিন হল।
জুলাই শেষের এক বৃহস্পতিবারের ভোর। যে জায়গাটায় আছি, অনেকের মতে তা অরুণাচল প্রদেশের সবচাইতে সুন্দর গাঁ, তুলি দিয়ে আঁকা একেবারে। সরকারি স্কুলশিক্ষক নাওয়াং সেরিং-এর বাইকের পেছনে বসে পৌঁছে গেছি চুগ থেকে আন্দাজ ছয় কিলোমিটার দূরে রামা ক্যাম্পের পিএম শ্রী গভর্নমেন্ট সেকেন্ডারি স্কুলে। আশেপাশের গাঁ থেকে অনেক কচিকাঁচাই প্রতিদিন সকালে পায়ে হেঁটে তাদের এই স্কুলে এসে হাজির হয়।
ন'টা বাজল। এইবার প্রার্থনার সময়। বাকি সকলে গলা মেলাবে মঞ্চে দাঁড়ানো যে গুটিকয়েক পড়ুয়ার সঙ্গে, তাদের ঠিক পেছনটায় যতটা সম্ভব দেওয়াল ঘেঁষে দাঁড়ানোর চেষ্টা চালাচ্ছি। সামনে তাকালে চোখ জুড়ানো ঘন সবুজ পাহাড় আর আকাশ, গায়ে তার সমুদ্রনীল রঙা ধপধপে সাদা মেঘ-ছাপা চাদর, ঠিক পড়ুয়াদের স্কুলের জামার সঙ্গে মিলিয়েই যেন এমন বেশ। নীল-সাদা ইউনিফর্ম পরা প্রায় ২৬০ জন পড়ুয়া গাইয়ে ততক্ষণে একদম পরিপাটি লাইনে দাঁড়িয়ে পড়েছে দেখলাম।





