সৈনিক টাকলিতে ঢোকার মুখে কমিউনিটি হলের চত্বরে অমর জওয়ান ফলক আছে একটা। সেখানে লেখা আছে যুদ্ধে প্রাণ হারানো এই গ্রামের ১৮ জন সেনার নাম।
কোলাপুর শহর থেকে ৫০ কিলোমিটার দূরে, মহারাষ্ট্রের শিরোল তালুকে অবস্থিত সৈনিক টাকলির সঙ্গে সেনাবাহিনীর ঐতিহাসিক যোগাযোগ সুদীর্ঘ – কয়েক প্রজন্ম ধরে ৫,৫০০ জনের এই গ্রামের প্রায় প্রতি পরিবার থেকে কেউ না কেউ ভারতীয় সেনাবাহিনীতে গেছেন।
২০০৭ সালে এই ফলকটি বসিয়েছিল সৈনিক সমাজ কল্যাণ মণ্ডল নামে একটি সেনা কল্যাণ সংগঠন। সৈনিক টাকলির বাসিন্দা ও মণ্ডলের সভাপতি লেফটেন্যান্ট বাবাসাহেব সীতারাম পাটিল ৩৬ বছরের কর্মজীবন শেষে ২০০৩ সালে ভারতীয় নৌসেনা থেকে অবসর নিয়েছেন। বললেন, “গ্রামে প্রায় ১,২০০টি পরিবার আছে। আগে প্রতি পরিবার থেকে অন্তত একজন করে সেনাবাহিনীতে যোগ দিত। কিন্তু আজকাল [সশস্ত্র বাহিনীতে] কাজের সংখ্যা কমে গিয়েছে। গ্রামের মানুষ এখনও চেষ্টা করছে, কিন্তু প্রতিযোগিতা বেড়ে গিয়েছে, আর সেনায় যোগদানের সংখ্যাও কমে গিয়েছে।“






