"আমরা আমাদের নিজেদের আদিবাসী খানাপিনাগুলোকেই ভুলে গেছি," ইয়াবতমলের অধিবাসী, পেশায় চাষি, চন্দা ঘোদাম জানাচ্ছেন।
চন্দা তাইয়ের মতো গ্রামীণ ভারতের ৭৫ শতাংশ মহিলাই চাষবাসের সঙ্গে যুক্ত। অথচ গুটিকয় বাদে তাঁদের না আছে কৃষিজমি, না আছে গবাদি পশু — এমনকি প্রাকৃতিক সম্পদের উপরেও নিজেদের অধিকার ফলানোর জো নেই। খাদ্য উৎপাদন ও জীববৈচিত্র্য সংরক্ষণের প্রাণবিন্দু নারী, অথচ বর্তমান সামাজিক কাঠামো তাঁদের চাষির তকমা দিতে নারাজ।
মহারাষ্ট্রের খরাপ্রবণ তথা কৃষক-আত্মহত্যায় পীড়িত মারাঠওয়াড়া ও বিদর্ভ অঞ্চল, এখানে হাজারও প্রতিবন্ধকতা সত্ত্বেও চন্দা ঘোদামের মতন মহিলা চাষিদের নেতৃত্বে এক নীরব বিপ্লবের সাক্ষী থাকছে কৃষিক্ষেত্র। তাঁদের হাত ধরে প্রথাগত খাদ্যাভাসে ফিরে যাচ্ছে জনসমাজ।
"আমি তো সব মেয়েদের বলি, আমাদের এই মাটি সব ফলাতে পারে," একগাল হেসে ঘোষণা করেন চন্দা ঘোদাম।


