শহরখানা ছোটো হলেও ইতিহাস তার লম্বা। তেলেঙ্গানার আদিলাবাদ জেলায় অবস্থিত নির্মল তার নামটি পেয়েছে সপ্তদশ শতকের রাজা নিম্মা নাইড়ুর থেকে, যিনি শিল্পকলা এবং বিশেষ করে খেলনা তৈরির শিল্প নিয়ে উৎসাহী ছিলেন। সেকালে তিনি প্রায় ৮০ জন শিল্পীকে নিয়ে এসে এখানে খেলনা শিল্পের পত্তন করেছিলেন, যা পরবর্তীকালে এই শহরের সাংস্কৃতিক তাৎপর্য বহুলাংশে বাড়িয়ে দেয়।
আজকের দিনের নির্মল মূলত আদিলাবাদ শহর কিংবা কাছের কুন্তলা জলপ্রপাত দেখতে যাওয়া মানুষের কাছে একটু দাঁড়িয়ে নেওয়ার জায়গা। কিন্তু যে কথা অনেকেই জানেন না সেটা হল এক লক্ষেরও কম মানুষের বাসস্থান এই ছোট্ট শহরটিতে নরম কাঠের খেলনা শিল্প আজও বেঁচে আছে, খান চল্লিশ পরিবারের হাত ধরে।
নির্মলের খেলনা কারিগরদের বিশেষত্ব হল, তাঁরা খেলনা বানানোর উপাদান সংগ্রহ করেন যে ফুল-লতাপাতা এবং জীবজন্তুদের থেকে, তাদের আকারেই বানানো হয় খেলনা। প্রাকৃতিক কাঠ ব্যবহারের পাশাপাশি নানান আকার ও পরিমাপ সম্পর্কে বিস্তারে জানতে হয় তাঁদেরকে, যাতে পশুপাখি হোক বা ফল, খেলনার প্রতিটি ডৌল যেন নিখুঁত হয়।







