নৌরাদেহি অভয়ারণ্যে তাঁর এই তেরো বছরের বন রক্ষকের জীবনটায় তারাচাঁদ গোণ্ড ভারতীয় ধূসর নেকড়ের চেয়ে বাঘ দেখেছেন বেশি। বলতে বলতে রোদচশমার আড়ালে তাঁর চোখদুটো চকচক করে ওঠে। এমন অদ্ভুত প্রহসনে চৌত্রিশ বছরের তারাচাঁদ মজাই পান খানিক।
মজা না পেয়ে উপায় কি! যেখানে দাঁড়িয়ে তিনি কথা বলছেন, তা আদতে এই বিপন্ন প্রজাতির নেকড়েদের জন্যই তৈরি ভারতের প্রাচীনতম উদ্যান, বাঘ আনানো হয়েছে সবে ২০১৮ সালে। তবে ভারতীয় ধূসর নেকড়ে (ক্যানিস লুপুস পালিপেজ) অর্থাৎ নির্দিষ্টভাবে এই উপমহাদেশেরই বাসিন্দা (এন্ডেমিক) প্রাচীন নেকড়ে প্রজাতিটির এখানে দেখা মেলাই ভার। দেশে ধূসর নেকড়েদের সংখ্যা এখন ৩০০০ এর একটু বেশি, ২০২২ সালের গণনা অনুযায়ী বাঘেদের পাল্লা সেখানে যথেষ্ট ভারী – সংখ্যায় ৩,৬৮২।
প্রথমবার ধূসর নেকড়ে-দর্শনের অভিজ্ঞতা আজও ভোলেননি গোণ্ড আদিবাসী তারাচাঁদ: "দু'বছর হল টহলদারি করছি তখন, সেই প্রথম ভেড়িয়ার সঙ্গে মোলাকাত," অভিজ্ঞ বনকর্মীর গলায় আজও সেই মুগ্ধতার রেশ টের পাওয়া যায়। "[রেঞ্জের] ভারাই সার্কলের একজন সিনিয়র রেঞ্জারও সঙ্গে ছিলেন, একটু দূরে যখন জন্তুটাকে দেখলাম প্রথমবার। আমাদের দেখে পালাচ্ছিল। রেঞ্জার দাদাকে জিজ্ঞেস করলাম ওটা কী, তিনিই বললেন, 'ও তো ভেড়িয়া'। এই সেই জন্তু যাদের খাতিরে এতবড়ো অভয়ারণ্য।"
বহুদিন পর্যন্ত, নৌরাদেহির প্রাথমিক শিকারি প্রাণীর ভূমিকায় ছিল নেকড়েরা, মধ্যপ্রদেশের দক্ষিণ বিন্ধ্য পর্বতজুড়ে বিছিয়ে থাকা ঝোপঝাড়ের জঙ্গলে তারাই ছিল রাজা। অথচ বরাবরই সাংঘাতিক লাজুক এই চারপেয়েদের দেখা পাওয়া কঠিন হত, শেয়ালের সঙ্গে গুলিয়েও যেত প্রায়শই। "ওদের যখনই দেখবেন, পালাতে থাকা অবস্থায় ওদের পেছন দিক বা পাশটাই চোখে পড়বে," বলেন সুরক্ষা শ্রমিক (বন চৌকিদার) শুভম রাইকোয়ার।
অন্য সব রাজ্যের নিরিখে, ৭০০টি নেকড়ের আবাসস্থল মধ্যপ্রদেশে এই চারপেয়েদের সংখ্যা সবচেয়ে বেশি। তবু, "এদের ছবি তোলা এমনকি দেখা মেলাও মুশকিল। বলছি শুনুন, নেকড়েরা বাঘের চাইতেও বেশি বুদ্ধি ধরে!" বলেন জব্বলপুরের স্টেট ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউটের বন্যপ্রাণ জীববিদ ড. অনিরুদ্ধ মজুমদার। ধূসর নেকড়েদের আচার-আচরণ নিয়ে গবেষণা করছেন তিনি, নেতৃত্ব দিচ্ছেন এই চতুর্বার্ষিকী প্রকল্পেও: ইকোলজি অফ দ্য ইন্ডিয়ান উলফ অ্যাণ্ড ইটস কনজারভেশন ইমপ্লিকেশন্স ইন নৌরাদেহি ওয়াইল্ডলাইফ ডিভিশন (ভারতীয় নেকড়ের বাস্তুতন্ত্র ও নৌরাদেহি বন্যপ্রাণ বিভাগে তাদের সংরক্ষণ কৌশলের প্রয়োগ)।













