অনন্তপুর জেলার নাগারুর গ্রামের বাসিন্দের অতীতচারণায় উঠে আসে সেই দিনগুলোর কথা, যখন গ্রামে ভৌম জলের প্রাচুর্য ছিল। ২০০৭ সালের আগের সেই দিনগুলোর কথা বারবার মনে পড়ে তাঁদের যখন খানিক সুখের মুখ দেখেছিলেন তাঁরা।
২০০৭ সালে ছিঁটেফোঁটা বৃষ্টি হলেও শেষবারের মতো নাগারুরের কাছের খাল-বিল উপচে পড়েছিল। “এন টি রামা রাও-এর [অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রীর দায়িত্বে থাকাকালীন] জমানায় নিয়মিত বৃষ্টি হত। ওয়াই এস রাজশেখর রেড্ডি [২০০৪-এর মে মাসে ক্ষমতায়] আসার পর ভারি বৃষ্টির কারণে এক সপ্তাহ ধরে পুকুরগুলোর জল উপচেছিল। ওই শেষ,” বললেন পেশায় কৃষক রামকৃষ্ণ নাইডু, ৪২।








