হতচ্ছাড়া একটা হনুমান আরেকটু হলেই চম্পা ভাট্টির ছোট্ট শিশুটিকে ছিনিয়ে নিচ্ছিল। ঘটনাটা যখন ঘটে, তিনি তখন রাজপুর গাঁয়ের কাছেই একটি জঙ্গলে গিয়েছিলেন। সামনেই হাটবার, বেচবেন বলে বনের মাটি থেকে মহুয়া আর শালের বীজ কুড়োচ্ছিলেন এই তরুণ মা। বাচ্চাটি তখন চম্পার পিঠে বাঁধা ছিল।
“কাজ করতে করতে একটা মুহূর্তের জন্য ওকে নামিয়ে রেখেছিলাম নিচে,” বলছিলেন চম্পা ভাট্টি, “হঠাৎ দেখি একটা বাঁদর আমার বাচ্চাটাকে ছিনিয়ে নেওয়ার তাল করছে।” এর ফলে যখনই তিনি বনে-বাদাড়ে যান, তক্কে তক্কে থাকেন।
তবে আজ আর জঙ্গলে গেলে কোলের শিশুকে নিয়ে যেতে হয় না তাঁকে। গ্রামীণ ছত্তিশগড়ে চম্পার মতন মায়েরা তাঁদের কোলের শিশু তথা ছোটো বাচ্চাদের লাইকা ঘরে (ক্রেশ বা শিশুসদন) ছেড়ে নিশ্চিন্তে কাজে যেতে পারেন দিনের বেলায়। সাত মাস থেকে তিন বছর বয়সি বাচ্চাদের দেখভাল করা হয় এখানে।


















