উত্তর বিহারের সহরসা জেলার নাবাল জমিগুলো বছরভরই বানভাসি। কৃষকেরা এহেন অবস্থার সঙ্গে খাপ খাইয়ে খেতিকাজেও বদল এনেছেন, গরমা বলে একরকম গ্রীষ্মকালীন ধান চাষ করছেন আজকাল। সাধারণত যেখানে বর্ষার জল জমে থাকে, বেরোনোর পথ পায় না, সেই সব নাবাল জমি, নদী অববাহিকা অথবা বদ্বীপে এই ধান ফলানোর চল আছে।
নদীবাঁধ তৈরি হওয়ার পর, নিজেদের জল থৈ-থৈ জমিজমা কাজে লাগানোর জন্য গরমা ধানের শরণাপন্ন হন চাষিরা, এর উচ্চ-ফলনের ব্যাপারটাও মাথায় ছিল নিশ্চয়ই। ফেব্রুয়ারি নাগাদ এ ধান বোনা হয় আর কাটা হয় মে মাসে। কাজেই বছরের যে মরসুমে চাষিদের হাতে কাজ কম, তখনও ঘরে দানাপানি মজুত থাকে, দু’পয়সা উপায় হয়।





