মোটর সাইকেলে দুটো বড়ো প্লাস্টিকের জার বেঁধে ট্রাক্টরের জন্য তেল কিনতে রওনা হন তুকারাম মাসাল। কিন্তু একেবারে ট্রাক্টরগুলো নিয়েই বেরোন না কেন তিনি?
“তাতে তেল আর টাকা দুটোই নষ্ট,” জানান মাসাল। এক লিটার ডিজেলে একটা ট্রাক্টর খুবজোর পাঁচ কিলোমিটার চলতে পারে আর সেই ডিজেলই “এখন লিটার প্রতি প্রায় ১০০ টাকা।” তার উপর, তেলের খোঁজে একাধিক পেট্রোল পাম্পে চক্কর কাটতে হয় তাঁকে।
ডিজেল বণ্টনে রাশ টানা শুরু হয়েছে ইতিমধ্যেই।
“এক একবারে সামান্য কয়েক লিটার তেল দিচ্ছে আমাদের,” জানান ৫৩ বছর বয়সি চাষি মাসাল। মহারাষ্ট্রের খরাপ্রবণ ধারাশিব জেলার ভূম শহর থেকে প্রায় ২৫ কিলোমিটার দূরে ওয়াকওয়াড় গ্রামে তাঁর বাড়ি।
“দিনে প্রায় ২০-২৫ লিটার তেল জোগাড় করতে আমায় পাঁচটা আলাদা পাম্পে ঘুরতে হয়, যাতে অন্তত একটা দিন চালাতে পারি,” জানান তিনি। ভূম এবং আশেপাশের অঞ্চলগুলোতে পেট্রোল পাম্পের সংখ্যা এমনিতেই খুব কম।
কোনও কোনও দিন তেলের খোঁজে পাম্পে পাম্পে ঘুরে মাসালকে ৭০-৮০ কিলোমিটার পথ পাড়ি দিতে হয়।"দু-তিন দিন পর পর সামান্য পরিমাণ তেল পেলেও নিজেকে ভাগ্যবান মনে হয়,” জানান তিনি। আবার কখনও আবার পেট্রোল পাম্পগুলো প্লাস্টিকের জারে ডিজেল দিতে সরাসরি মানা করে দেয় এবং পাম্পে ট্রাক্টর নিয়ে আসার জন্য জোরাজুরি করে।











