এই প্রতিবেদনটি পুলিৎজার সেন্টারের সহায়তায় রচিত।
পূর্ব ভারতের ঝাড়খণ্ড রাজ্যে, স্মারকবেষ্টিত মাঠের মাঝে দাঁড়িয়ে আছেন বাসিং মুণ্ডা। মুণ্ডা জনজাতির এই সদস্যের বয়স চল্লিশের কাছাকাছি। স্মারকগুলি তাঁরই পূর্বজদের সম্মানে স্থাপিত। বহু প্রজন্ম আগে, ১৮৯৯ সালের মুণ্ডা বিদ্রোহে এই পূর্বজরা অংশ নিয়েছিলেন মহান আদিবাসী নেতা বিরসা মুণ্ডার নেতৃত্বে। এই বিদ্রোহ সংঘটিত হয়েছিল ঔপনিবেশিক শাসকদের হাতে আদিবাসীদের শোষণের বিরুদ্ধে।
এক শতাব্দী পর, বাসিংয়ের মতো আদিবাসী চাষিরা আজ আবারও বেদখল হচ্ছেন। বিগত আট বছর ধরে সরকার তাঁদের অনুমতি না নিয়ে, বিজ্ঞপ্তি না দিয়ে তাঁদের জমির দলিল ডিজিটাইজ করে দিয়েছে। সে প্রক্রিয়া চলাকালীন অসংখ্য আদিবাসী আবিষ্কার করেছেন যে সরকারি নথিতে তাঁদের জমির পরিমাপ আচমকা কমে গিয়েছে, সীমানা স্থানান্তরিত হয়েছে, এমনকি মালিকানাও হাপিশ হয়ে গিয়েছে চুপিসাড়ে।
এপ্রিল মাস, ভরা বসন্ত। রাজধানী রাঁচি থেকে ৩৩ কিলোমিটার দূর খুঁটি জেলার দারাগামা যাওয়ার রাস্তার দুধারে রাশি রাশি ফুল ফুটেছে। কদিন আগেই সরহুল গিয়েছে — এই দেশজ পরবটি আদতে প্রকৃতির উদযাপন। স্থানীয় বাজারহাট ব্যস্ততায় সরগরম।
ঘরের বাইরের ফাঁকা জায়গায় পলাশ-অশ্বত্থের ছায়ায়ে মাতৃভাষা মুণ্ডারিতে আড্ডা দিচ্ছেন বাসিং ও জনাকয় পড়শি।
২০২৩ সালে ২০ কিলোমিটার দূর খুঁটির ভূমি রাজস্ব দফতর থেকে অনলাইন একটি খাজনার রসিদ পেয়েছিলেন বাসিং। বাসিং ও তাঁর ভাইয়েরা যে জমিতে ধান আর মিলেট ফলান, সেটার পরিমাপ ৫২ একর ৫২ ডিসমিল, অথচ রসিদে গলদ লেখা ছিল ৫২ একর ৫ ডিসমিল।
ডিসমিল একপ্রকারের জমির মাপ যেটি মধ্য ও পূর্ব ভারতে প্রচলিত, এটি এক একরের একশো ভাগের একভাগ, অর্থাৎ ৪৩৫.৬ বর্গফুট। শব্দটা ইংরেজি 'ডেসিম্যাল' থেকে এসেছে। গড় হিসেবে এক ডিসমিলে যেখানে মুম্বইয়ের একটি এক-বেডরুম অ্যাপার্টমেন্ট সেঁধিয়ে যাবে, সেখানে কিনা সরকারি নথিতে রাতারাতি ৪৭ ডিসমিল জমি গায়েব হয়ে গেল বাসিং পরিবারের।
বাসিং মুণ্ডা অবশ্য একা নন।
“জমির পরচায় অজস্র কারচুপি ছিল। ডিজিটাইজেশনের আগে আমাদের খাতার [একটি গোষ্ঠীর জন্য বরাদ্দ শরিকি জমি] রাকবা [একরের পরিমাপ] আলাদা ছিল। সাম্প্রতিক অনলাইন পরচা আর রসিদে খানিক খানিক জমি লোপাট করে দিয়েছে, রাকবাও কমে গেছে,” বাসিং জানাচ্ছেন। এটাও বললেন যে দলিল ডিজিটাইজ করার সময় সরকার থেকে তাঁদের জানানো হয়নি, অনেকক্ষেত্রেই ভুলভ্রান্তিগুলো আকস্মিকভাবে আবিষ্কার করছেন জমির মালিকেরা।














