পানের রসে রাঙানো টুকটুকে হাসিটি নিয়ে মেয়েদের দলের ঠাট্টা-মশকরায় যোগ দিলেন বছর ষাটেকের মনোরমা দেবী। ছেলেদের ভাবগতিক আর তাদের কোন কোন সবজির সঙ্গে কেমনধারা মিল এই নিয়ে লাইনে বসা কেউ একজন রসিকতা করেছিলেন, তারপরেই সমবেত ঠাট্টা-তামাশায় গুলজার হয়ে উঠেছে জায়গাটা। ঝিম-লাগা দুপুর, ইম্ফলের বীর টিকেন্দ্রজিৎ উড়ালপুলের নিচে রাস্তার অনেকখানি দখল নিয়ে সোজা লাইন করে মহিলারা বসে আছেন,গাড়ি-ঘোড়া যাওয়ার জন্য নামমাত্র জায়গা ছেড়ে রেখেছেন কেবল।


Imphal West, Manipur
|TUE, MAY 13, 2025
ইমা কাইথেল: রোজই যেথা নারীদিবস
এই সম্পূর্ণ মহিলাচালিত বাজারটি ইম্ফলের প্রাণশক্তি, সাম্প্রতিক ভূমিকম্পের পরেও যার মেজাজ অটুট
Author
Editor
Translator

Anubha Bhonsle & Sunzu Bachaspatimayum
মণিপুরের প্রবাদপ্রতিম ইমা কাইথেলকে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত করে ২০১৬-র জানুয়ারির ভূমিকম্প, রিখটার স্কেলে যার তীব্রতা ছিল ৬.৭। বেঁকেচুরে গিয়েছিল থাম, ভেঙে পড়েছিল দেওয়াল আর কাঁপুনির চোটে গুঁড়োগুঁড়ো হয়ে গিয়েছিল পলেস্তারা ও সিমেন্টের বড়ো বড়ো চাঙর। কিন্তু ইমারা তাতেও দমবার পাত্রী ছিলেন না! ঠিক তার পরের দিনই তাঁরা কোমর বেঁধে লেগে পড়েন, ব্যবসাপত্তর সরিয়ে এনে গুছিয়ে বসেন বাইরে সর্বসাধারণের রাস্তা জুড়ে। কর্মস্থল হারানোর দুশ্চিন্তা আর ভবিষ্যতের অনিশ্চয়তা তো ছিলই কিন্তু সেই নিয়ে বসে হাত কামড়ানোর সময় ছিল না তাঁদের কাছে।
এই ইমা কাইথেলের সঙ্গে মনোরমা দিদির অন্তত চার প্রজন্মের যোগ। "মায়ের থেকে দোকানটা পেয়েছি আমি, মাকে আবার এটা দিয়ে গিয়েছিল তার শাশুড়ি, তার আবার দোকান পাওয়া নিজের মায়ের কাছ থেকে। কী জানি আরও দূর অব্দি হয়তো গিয়েছে ব্যাপারটা। তবে কিনা স্রেফ একটা গুমটি বা পাথরের স্ল্যাব নয়: এ আমাদের জীবন,"সারা দিনের রোজগার রাখার চটের থলেটায় উঁকিঝুঁকি মেরে দেখতে দেখতেই বলে যান মনোরমা দিদি।
মনোরমার কয়েকটা জায়গা পরেই বসেন আঙ্গম মেম্মা। ধুলো উড়িয়ে স্কুটার ছোটে সাঁইসাঁই শব্দে। কদ্দিন যে এইখানেই কারবার চালাতে হবে, ভেবে আঙ্গমের কপালে চিন্তার ভাঁজ। "কারফিউ, ধর্মঘট, ভূমিকম্প- মণিপুরে যাই ঘটুক, এ বাজারেও তো তার আঁচ এসে পড়ে। ঘরবাড়ি বলুন, দিনভর কাজ আর খানিক জিরিয়ে নেওয়ার জায়গাই বলুন, সবই আমাদের ওই কাইথেল। তাকে ঘিরেই আমাদের জীবন। আমার তো নিজের বাড়িতে মোটে মন টেকে না। ছটফট করে উঠছি শুধু। তাই রাস্তা তো রাস্তাই সই, এইখানেই এসে বসে পড়েছি এখন।"
ভূমিকম্পের কয়েক সপ্তাহ পরেও খাঁ খাঁ করছে মণিপুরের রাজধানী শহরের এই রংবেরঙা বিস্তীর্ণ গোলোকধাঁধা –ইমা কাইথেল, অর্থাৎ 'মায়েদের বাজার’। এখনও এখানকার মহিলাদের জন্য বিকল্প কোনও বন্দোবস্ত করে উঠতে পারেনি সরকার। ভূমিকম্পের আগে শহরের সবচাইতে প্রাণবন্ত অংশ ছিল এইটা, হাতে-বোনা ফানেকের গাদা কিংবা আদা আর আরও নানান চাষের সবজিপাতির পাহাড়প্রমাণ স্তূপগুলোর আড়াল থেকে খদ্দেরদের ডাকাডাকি করতেন মহিলারা, কেনাবেচার হট্টগোলে সরগরম হয়ে থাকত বাজারখানা।
নিজেদের চাষের জিনিস আর মালপত্তর বিক্রি করতে প্রায় ৬০০০-৭০০০ মহিলা রোজ আসতেন এখানে, সে সুবাদেই এশিয়ার বৃহত্তম নারীচালিত বাজার হয়ে উঠেছিল ইমা কাইথেল। শুঁটকি মাছ থেকে শুরু করে মশলা, তরিতরকারি, তাঁতে-বোনা জিনিস কিংবা প্রসাধনী, হরেকরকম দৃশ্য-গন্ধ-শব্দের এক আশ্চর্য বিন্যাসে নিজেকে মেলে ধরত এই বাজার। এক একটা দোকানের জায়গা বুক দিয়ে আগলাতেন মহিলারা, মায়ের থেকে মেয়ে কিংবা ছেলের বউয়ের কাছে নারী-অনুক্রমে হস্তান্তরিত হয়ে আসত সেগুলো।

Anubha Bhonsle & Sunzu Bachaspatimayum
ইমা কাইথেলকে জায়গা করে দেওয়া বাড়িঘরগুলো এ রাজ্যের ইতিহাসের নানান পর্যায়কে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যেন। ব্রিটিশদের অর্থনৈতিক নীতির বিরুদ্ধে ১৯০৪ আর ১৯৩৯ সালে নারীদের দুই সংগ্রাম অর্থাৎ নুপি লানের পর থেকে মণিপুরের রাজনৈতিক আর সামাজিক প্রশ্নে বলিষ্ঠ স্বর হয়ে উঠেছে ইমা বাজার।

Anubha Bhonsle & Sunzu Bachaspatimayum
এ বাজারের চিন্তায়, চেতনায় প্রতিবাদ-প্রতিরোধের বীজ। বছরের পর বছর ধরে এখানকার দোকান-মালিকেরা একজোট হয়েছেন যাবতীয় জরুরি কালে – সে আফস্পা বা আর্মড ফোর্সেস (স্পেশাল পাওয়ারস্ ) অ্যাক্ট প্রত্যাহারের দাবিতে অনশনরত ইরম শর্মিলার সমর্থনেই হোক কিংবা ২০০৪ সালে থাংজাম মনোরমার নির্মম হত্যার প্রতিবাদ, আবার কেন্দ্র ও নাগা বিদ্রোহী গোষ্ঠী এনএসসিএন-আইএম - এর মধ্যে ২০০১ সালের জুন মাসে সংঘর্ষবিরতির কয়েকটি আইনি ধারারও বিরোধিতা করেন তাঁরা।
তাই ভেতর থেকে ইমা কাইথেল এ রাজ্যের জীবন, জীবিকা, এবং আত্মপরিচিতির ভরকেন্দ্র। আরও গুরুত্বপূর্ণভাবে এ বাজার মনে করিয়ে দেয়, মণিপুরের ইতিহাস এবং অর্থনীতিতে কীভাবে একটা স্পষ্ট ও পাকাপাকি জায়গা করে নিয়েছে তার নাছোড়বান্দা মেয়েরা।
তাই অনেকেরই বিশ্বাস, গুটিকয়েক কাঁপুনি এতটুকু টলাতে পারবে না ইমা কাইথেলের জীবনযাত্রা, অটুট রইবে তার অফুরান প্রাণশক্তি।
(সঙ্গের ভিডিওটি ভূমিকম্পের আগে তোলা)
অনুবাদ: সানুরাগ গুপ্ত
অনুবাদ সম্পাদনা: রম্যাণি ব্যানার্জী
Want to republish this article? Please write to [email protected] with a cc to [email protected]
Donate to PARI
All donors will be entitled to tax exemptions under Section-80G of the Income Tax Act. Please double check your email address before submitting.
PARI - People's Archive of Rural India
ruralindiaonline.org
https://ruralindiaonline.org/articles/ima-keithel-every-day-is-womens-day-bn

