২০২৩ সালের আগস্টে আফিয়া খাতুনের গান ভাইরাল হয়ে যায়।
হঠাৎ করেই ঘটে ব্যাপারটা। এক্স (পূর্বতন টুইটার) সোশ্যাল মিডিয়ায় একজন তাঁর একটি ভিডিও শেয়ার করে। ভিডিওটিকে দেখা যায় খাতুন অসমের বাঙালি মুসলিমদের নিজস্ব জবানে গান গাইছেন। সঙ্গে তাঁর দুই শিশুপুত্র দোতারা আর ঢোলে সঙ্গত করছে।
গানের কথাগুলো ছিল:
জনতারেই সবাই মিলে থানায় থানায় এজার দিলে, হিমন্ত সরকার বুলে দোইয়োশি রে।
জনতারে জালহাইয়া, হিমন্তর এই যন্ত্রণা, জনতায় সইতে আর পারে না।
আর কত জালাইবে বল না,
আর কত জালাইবে বল না
- [সব জনতা মিলে থানায় থানায় নালিশ করে, তারা ঠাউরায় দোষী হিমন্ত সরকারে রে।
জনতাকে জ্বালাচ্ছে, হিমন্তর [দেওয়া] এই যাতনা, জনতা আর সইতে না পারে রে।
আর কত জ্বালাইবে বল না,
আর কত জ্বালাইবে বল না]
অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার নির্দেশে বাল্যবিবাহ রোধের নামে তাঁর সম্প্রদায়ের মানুষদের যে ব্যাপক গ্রেপ্তারি হয়েছে তার প্রতিরোধ করতেই এই গান, জানিয়েছেন তিনি।
“আমার জাতির মানুষের সব্বার যন্ত্রণা আর গভীর কষ্ট থেকে এই গানের জন্ম,” বলছেন আফিয়া। “কাউকে তো একটা গলা তুলতে হবে।” ২০২৩ সালের ফেব্রুয়ারি মাসে অসমে বাল্যবিবাহের বিরুদ্ধে প্রথম দফা ধরপাকড়ে ৩,৯০০ জনকে গ্রেপ্তার করা হয়। তারপর থেকে আরও কয়েকশো মানুষ গ্রেপ্তার হয়েছেন দফায় দফায়, তাঁদের সিংহভাগই বাঙালি মুসলিম।










