“গায়ে একটা সোয়েটার চাপাতাম, তার ওপর কম্বল-মুড়ি দিতাম। তবু ঠাণ্ডা বাগ মানত না। সেই হাড়-কাঁপানো শীতের রাতে হামেশাই ঠকঠক করে কাঁপতাম।”
ছেলেটার বয়স তখন মেরেকেটে বছর বারো। ডিসেম্বর, জানুয়ারি আর ফেব্রুয়ারির মতো শীতের মাসেও প্রতিদিন কাজে বেরোত সে। ভারত জুড়ে আজও যে হাজার হাজার নাবালক গতরে খাটে রোজ, এই ছেলেটার সঙ্গে তাদের তফাৎ কোথায়?
“গ্রামের স্কুলে যখন সাত কী আটের ক্লাসে পড়তাম, তখন থেকেই শীতের মাসগুলোয় রোজ খেতে যাওয়া শুরু করি। গমের ফসলে রাত্তিরবেলা জল দিতে হত। ভয়ংকর শীত পড়ত ওই সময়টায়।”
গুরগাঁও শহরের কাছে এক জায়গায় জমি-উন্নয়নের কাজে ব্যস্ত বহু পরিযায়ী শ্রমিক। সেখান থেকে ফিরতে ফিরতেই ওয়াজিরচাঁদ মাঞ্জোকা তাঁর নিজের জীবনের গল্প বলছিলেন। স্কুলে থাকতেই ভূমিহীন খেতমজুর হিসেবে কাজ শুরু করেন তিনি।








