বিদ্যা বনম স্কুলে আপনাকে স্বাগত! মূলত আদিবাসী জনগোষ্ঠী তথা অর্থনৈতিকভাবে দুর্বল পরিবারের সন্তানসন্ততিরাই তামিলনাডুর কোয়েম্বাটুরের কাছে আনাইকাট্টাই গ্রামের এই স্কুলে পড়ে।
বিদ্যা বনমে কোনও নির্ধারিত অথবা বাঁধাধরা পাঠ্যবই নেই। এখানে শিশুশিক্ষা ‘থিম’ বা বিষয় কেন্দ্রিক। গতবছরের থিম ছিল ‘ধান’। সেই মর্মে বাচ্চারা নিজেরাই জমিতে পাঁচটি ছোট্ট চাষের জোত বা প্লট বানিয়ে সেখানে ধান রোপণ করেছিল। পরিবারের প্রথম ইংরিজি-ভাষী প্রজন্মের ছাত্রছাত্রীরা দুটো দলে বিভক্ত হয়ে নিজেদের মধ্যে শস্যের জিন-ঘটিত পরিবর্তন নিয়ে বিতর্কে সামিল হয়েছিল। পড়ুন: গহীন বনের মাঝে শিক্ষায়তনে শিখলাম ধানের ধারাপাত
বিদ্যা বনম এমন এক স্কুল যেখানে শিশুরা নিজেদের মনের কথা দরাজ মনে বলতে শিখছে। উপরন্তু এই শিক্ষার মধ্যে দিয়ে নিজস্ব প্রতিভাকে চিনতে পারছে আপন গতিতে। সবচেয়ে ছোট্ট ছেলেমেয়েদের কয়েকজনের মধ্যে রীতিমতো নেতৃত্ব প্রদানের দক্ষতা দেখা গেল।























