মুম্বই: মহারাষ্ট্রে খরার ফলে ছারখার হয়ে গিয়েছে খরিফ শস্য। আর সরকারি তথ্য অনুযায়ী, তার মাশুল গুনছেন প্রায় ৯০ লক্ষ কৃষক। হিসেব করে দেখলে ক্ষতিগ্রস্তের সংখ্যাটা সুইডেনের জনসংখ্যার প্রায় সমান।
কৃষি সংকটের জন্য ইতিমধ্যেই দুর্নাম কুড়িয়েছে মহারাষ্ট্র, দেশের মধ্যে কৃষি-আত্মহত্যার ঘটনাও সবচেয়ে বেশি এ রাজ্যেই ঘটেছে বলে খবর। এখন বিলম্বিত ও অপর্যাপ্ত বর্ষার দরুন জেঁকে বসা খরার জেরে এ রাজ্যের চাষিরা আরও দুর্দশায় পড়তে চলেছেন।
গত বছরই শিলাবৃষ্টিতে ফসল তছনছ হওয়ায় মাথায় হাত পড়েছিল তাঁদের। সেই ধাক্কা সামলে উঠতে না উঠতেই পিছু পিছু এসে হাজির হয়েছে আরেক সংকট।
কৃষিবিভাগের তথ্য অনুযায়ী, মহারাষ্ট্রের ১.৩৭ কোটি কৃষকের দুই-তৃতীয়াংশ ক্ষতিগ্রস্ত হয়েছেন এই খরায়। বিশেষ করে মারাঠাওয়াড়া ও বিদর্ভ অঞ্চলে এর প্রভাব গুরুতর। ইতিহাস বলছে এই দুই অঞ্চলই রাজ্যের মধ্যে সবচেয়ে বেশি বঞ্চনার শিকার।
দু’ সপ্তাহ আগে মহারাষ্ট্র সরকার খাতায়কলমে জানায়, রাজ্যের ৬০ শতাংশ গ্রামে "খরার মতো পরিস্থিতি" তৈরি হয়েছে। অর্থাৎ অঞ্চলভেদে বাঁধা মাপের ৫০ শতাংশ কম ফলন হয়েছে এই গ্রামগুলোয়। পুরোপুরি সংখ্যার হিসেবে রাজ্যের ৩৯,৪৫৩ টা গ্রামের মধ্যে ২৩,৮১১ টা গ্রাম এই তালিকায় রয়েছে। সরকারি আধিকারিকদের মতে, এর ফলে চলতি বছরে রাজ্যের কৃষি উৎপাদন বিপুলভাবে হ্রাস পাবে।




