সকাল ৭টা বাজে, ডাল্টনগঞ্জের সাদিক মঞ্জিল চৌক ইতিমধ্যেই পুরোদস্তুর গমগমে, শাঁশাঁ করে ছুটে চলেছে ট্রাক, একে একে শাটার তুলছেন দোকানিরা, কাছেই কোথাও একটা মন্দির থেকে ভেসে আসছে রেকর্ড করা হনুমান চালিশার সুর।
এরই মাঝে একখান দোকানের সিঁড়িতে বসে, মনের সুখে সিগারেট টানতে টানতে, চারপাশের লোকজনকে লক্ষ্য করে তারস্বরে কথা বলে চলেছেন ঋষি মিশ্র। কদিন আগেই সাধারণ নির্বাচন চুকেছে, নতুন সরকার গঠন হতে চলেছে — আজকের এই প্রভাতী আড্ডার বিষয় সেটাই। নজরুদ্দিন আহমেদ অনেকক্ষণ ধরেই খৈনি ডলতে ডলতে লোকজনের তর্কবিতর্ক শুনছিলেন, এবার আর থাকতে না পেরে বলে উঠলেন, “এত্ত তক্কো কীসের শুনি? সরকার যে-ই বানাক না কেন, আমাদের রুজিরুটির বন্দোবস্ত তো সেই নিজেদেরকেই করতে হবে।”
ঋষি বাবু ও আহমেদ সাহেবের মতো বেশ কয়েকজন দিনমজুর এখানে রোজ ভিড় জমান, তাই অনেকেই এই জায়গাটাকে ‘লেবার চক’ বলেন। পালামৌয়ের কাছেপিঠের গাঁয়ে কোনও কামকাজ নেই, জানালেন তাঁরা। এ শহরে সাদিক মঞ্জিলের মতন এমন আরও চারখানা লেবার চক আছে, প্রতিটাতেই দেখবেন ২৫-৩০ জন লেবার দিনমজদুরির বরাত পাওয়ার অপেক্ষা করছেন। কাজের খোঁজে আশপাশের গ্রাম থেকে জড়ো হন তাঁরা।








