১৫ মার্চ ২০১৪: আজ সেরমুন গ্রামের কৃষকরা টুইলুতের কাছের পাহাড়ে আগুন ধরাবেন — রাজ্য সরকারের বেঁধে দেওয়া সময়সীমা না মানলে চলবে কেন! আমরা ছিলাম পশ্চিম মিজোরামের প্রত্যন্ত গ্রাম দাম্পারেঙ্গপুইতে। সেখান থেকেই আঁকাবাঁকা এবড়োখেবড়ো পাহাড়ি রাস্তা বেয়ে লাল সাঙ্গার অটোরিকশায় চড়ে টুইলুত যাওয়ার ফন্দি আঁটছিলাম।
"সত্যিই ওই জিনিস দেখতে এত দূর যাবেন?" দৃশ্যতই অবাক হয়েছিলেন সাঙ্গা। তবে কিনা, যাওয়াটা সার্থক হয়েছিল। এত কাছ থেকে এমন বিশাল, গনগনে, অবাক করা আগুন আমি আগে কখনও দেখিনি। কয়েক হপ্তা আগেও এখানে ছিল ঘন বাঁশবন, এখন সব পুড়ে ছাই। তবু, রীতিমতো জোগাড়যন্ত্র করে লাগানো এ আগুনে ধ্বংস নয়, বরং নতুন শুরুর আশ্বাস ছিল।















