২০১৭ সালের সেই আলোকচিত্র প্রদর্শনীর দৌলতেই পারি'র হয়ে কাজ শুরু করি। তবে যে প্রদর্শনী আমায় ভিজ্যুয়াল শিল্পী বলে চিনতে শেখালো, সেটা বনবিল রেবতী ও শিল্পী নটরাজন না থাকলে সম্ভব হত না। ২০০৪ সালের সেই বিধ্বংসী সুনামির পর, নারিক্কুরাভার ও বুম বুম মাট্টুক্কারার জাতির বাচ্চাদের জন্য বনবিল স্কুল চালু করেন রেবতী। ওঁর মাধ্যমেই তো তুরাভিক্কাডু আর ওন্নাঙ্কাডু জনবসতির লোকজন তথা শিশুদের সংস্পর্শে আসতে পেরেছিলাম। তৎক্ষণাৎ একটা উপলব্ধি হয়েছিল, এই গোষ্ঠীর জীবনযাপন লেখা আর ফটোগ্রাফির মধ্যে দিয়ে তুলে ধরতেই হবে।
বুম বুম মাট্টুক্কারার একটি তফসিলি জনজাতি, আদিয়ান (ভিন্ন বানান আতিয়ান) নামে নিবন্ধিত। নামের “বুম বুম” অংশটি অনুকার শব্দ, মাট্টুক্কারার বা রাখালিয়ারা তাঁদের উরুমি নামে একপ্রকারের ঢোল বাজালে এই ধরনের আওয়াজ হয়। সে কোনও এক কালে তাঁরা সাজানো গোছানো ষাঁড় নিয়ে ঘুরে ঘুরে পেশা হিসেবে গণৎকারী আরম্ভ করেছিলেন, এটাই তাঁদের নামকরণের উৎস।






























