থেকে থেকে যে পাখির কলতান কানে আসছে, তা বাদে আবহসংগীত বলতে রয়েছে কেবল হাঁটুজল ঠেলে ঠেলে চারাধান বোনায় ব্যস্ত মহিলাদের চলাফেরার শব্দ। এমন এক পরিবেশে হঠাৎই উদাত্ত স্বতঃস্ফূর্ততায় বিহুগান ধরলেন পাঁচ নারী।
এখন জুলাই চলছে, অর্থাৎ অসমীয়া বর্ষপঞ্জিকায় আহার মাস। চারাধান বোনার পয়লা দিন, যার নাম নোভুই — এর আক্ষরিক অর্থ কচি চারাধান। টিটাদোরের শালাগুরি গাঁয়ে এসেছি আজ, হীরা শইকীয়ার খেতে। রোদ্দুরে জ্বলে যাচ্ছে হীরাদির গা-হাত-পা, সোঁদা বাতাস, আর হাড়ভাঙা খাটাখাটনি।
মরসুমের প্রথম দিনে হীরাদির (৫২) হাত হাত লাগাতে এসেছেন তাঁর চারজন বন্ধু: এ গ্রামেরই আশাকর্মী গুণিতা শইকীয়া (৫০), স্কুলের মিড-ডে মিল পাচক অরুণা বোরা (৫৫), পঞ্চায়েতের প্রাক্তন সদস্য বৃষ্টিপর্ণা সোনোয়াল (৩৫) এবং চাষি ও গৃহিণী নোমি শইকীয়া (৩৫)। এঁদের প্রত্যেকেই পারিবারিক খোরাকি মেটাতে যে যাঁর ছোটো-ছোটো খেতে ধানচাষ করেন। আজ পাঁচ সই যেমন তাঁকে মদত করতে এসেছেন, এরপর একদিন হীরাদি যাবেন ওঁদের মধ্যে কারও একজনের সাহায্যে।






