T


South Goa, Goa
|TUE, MAR 25, 2025
গোয়ার মেয়ে কুলি ভাদেলদের সঙ্গে কিছুক্ষণ
মারগাও এর মহিলা কুলিরা দৃঢ় ও বলিষ্ঠ বটে, কিন্তু মোট বওয়ার কাজে নতুন মেয়েরা আগ্রহী নন
Author
Translator

Sonia Filinto
কোঙ্কণি ভাষায় ‘ভাদেল’ নামে পরিচিত মহিলা কুলিরা অধিকাংশই দক্ষিণ গোয়ার মারগাও শহরে কর্মরত। পরিবারের মহিলারাই এই পেশা বংশপরম্পায় এগিয়ে নিয়ে চলেছেন - মূলত কন্যা অথবা পুত্রবধূদের হাত ধরে

Sonia Filinto
অথচ, বর্তমান প্রজন্মের কোনও অল্পবয়সি মেয়েই কুলির কাজ গ্রহণ করেননি। ‘আমাদের মেয়েরা এখন আর এই কাজে আগ্রহী নয়। তারা অল্প পড়াশোনা শিখেছে, তাই অফিসে কাজ করতে চায়,’ জানান মারিয়া বোর্হেস। মারগাও বাজারে কর্মরত ভাদেলদের সংখ্যা বর্তমানে এক ডজনের কাছাকাছি, সকলেই পঞ্চাশ পার করেছেন। সুদূর অতীতে ভাদেলরা গোয়ার অন্যান্য বাজারে কাজ করে থাকলেও, স্থানীয় কিছু লোকগীতিতে উল্লেখ বাদে তার প্রমাণ পাওয়া দুষ্কর

Sonia Filinto
মারগাও শহর লাগোয়া আশেপাশের গ্রাম এবং শহরগুলি (যেমন বর্দা এবং ফাতর্দা) থেকে রোজ এই মহিলারা বাসে করে কাজে আসেন। সকালবেলা ঘরের সমস্ত কাজ সেরে আটটা থেকে দশটার মাঝে বিভিন্ন সময়ে তাঁরা বাজারে এসে পৌঁছান। ফের বাড়ির পথে রওনা হন সন্ধে সাড়ে ছ’টা নাগাদ

Sonia Filinto
মারগাওয়ের ভাদেলরা ঐতিহ্যগতভাবে রোমান ক্যাথলিক ধর্মাবলম্বী। গোয়ার এক আদিবাসী জনজাতি ‘কুনবি’ সম্প্রদায়ের অন্তর্ভুক্ত তাঁরা। এলপাইন আলমেইদার কাপড়খানা কুনবি ঘরানায় পরা হলেও তাতে ব্যবহৃত কাপড় এবং রং সাবেকি আমলের নয় - সেসব এখন আর তৈরি হয় না

Sonia Filinto
সাধারণত এই ভাদেল মহিলারা মারগাও বাজারে সবচেয়ে পুরোনো দোকানগুলোর মধ্যে একটির বাইরে জড়ো হন। এখন খ্রিস্টানদের লেন্টের মরসুম - সংযম ও পরিশ্রমের সময় - তাই, বাজারেও ভিড় হালকা। ব্যবসার পক্ষে তা খারাপ হলেও, এই সময়েই সবাই একটু হাঁফ ছাড়ার সুযোগ পান

Sonia Filinto
১৯৯০ এর দশকে কোঙ্কণ রেলওয়ে তৈরি হওয়ার সঙ্গে সঙ্গে আশপাশের রাজ্য থেকে পরিযায়ী শ্রমিকদের আগমন বাড়তে থাকে, ফলে, মহিলাদের উপার্জনে টান পড়তে থাকে। সস্তায় শ্রম এবং বলিষ্ঠ যুবকদের সঙ্গে প্রতিযোগিতায় এঁটে ওঠা কঠিন হয়ে যায়, যার ফলে, তাঁরা কাজ হারান। কিন্তু, স্থানীয় ব্যবসায়ীদের কাছে তাঁদের বিশ্বাসযোগ্যতা অক্ষুণ্ন আজও। ভাদেলদের ভরসায় তাঁরা নিজেদের দোকান খুলে রেখে যেতে পারেন অথবা নির্দ্বিধায় তাঁদের হাতে মোটা অঙ্কের টাকা দিয়ে ব্যাঙ্কে জমা করার জন্য পাঠাতে পারেন

Sonia Filinto
ভাদেলদের দৈনিক আয় ৫০ টাকা থেকে ২০০ টাকার মধ্যে থাকে। বর্তমানে, ২০১৫ সালে যেমনটা চলছে - একটি মাঝারি আকারের বাজারের থলি বইলে ৩ টাকা, স্টিলের আলমারি বইলে ৫০ টাকা, যা ফের ভাগ হয় দলের বাকি মহিলাদের মধ্যে এবং ৫০ কিলো মাল বওয়ার মূল্য ২০ টাকা

Sonia Filinto
দোকানের মালিক এবং ক্রেতারা ভাদেলদের সাহয্যে ওজনদার মালপত্র তোলা এবং বওয়ার কাজ করিয়ে নেন। বাড়ির জন্য সাপ্তাহিক কেনাকাটা করার সময়ে স্থানীয় এক ব্যবসায়ীর এক ঝুড়ি ভর্তি মুদিখানার বাজার বইতে দেখা যাচ্ছে এলপাইন আলমেইদাকে

Sonia Filinto
দুপুর ১টা থেকে ৩: ৩০টে অবধি গোয়ার দোকানপাট বন্ধ থাকায়, এই মহিলারা সেই বন্ধ ঝাঁপগুলির সামনেই নিজেদের মধ্যাহ্নভোজের আয়োজন করে নেন

Sonia Filinto
ভাদেলদের পোষ্য বিড়ালটি কিন্তু দিব্যি নিজের প্রাত্যহিক খাবার পায়

Sonia Filinto
অতি গুরুত্বপূর্ণ ব্যাপার গোয়ার দ্বিপ্রাহরিক নিদ্রার ধারা

Sonia Filinto
এই মুহূর্তে কর্মরত ভাদেলদের মধ্যে সবচেয়ে বরিষ্ঠ রিতা কামারা - বয়স ৭০ এর কাছাকাছি। রোজকার নিয়মমাফিক তিনি শুকনো তেন্দু পাতায় তামাকের গুঁড়ো মোড়া একটি বিড়ি জ্বালিয়েছেন

Sonia Filinto
ভাদেলদের কারও কারও ডাক্তারের দেওয়া চশমা থাকলেও, কাজ করার সময় সেটি পরতে অসুবিধে বোধ করেন তাঁরা। ‘চশমা পরে কাজ করতে সমস্যা হয়,’ জানান পাউলাইন আলমেইদা। দিনের শেষে, বাড়ি ফেরার পথে নীরবে চশমাটি বের করে পরে নেন তিনি

Sonia Filinto
২০১১ সালে, পর্তুগিজ শাসন থেকে মুক্তির ৫০ বছর পূর্তিতে গোয়ার সরকার বিদেশী দখলদারিত্বে থাকাকালীন ২৫ বছরেরও বেশি সময় ধরে পরিষেবা দিয়ে আসা ভাদেলদের স্বীকৃতি দেয়। তাঁদের এককালীন ২৫,০০০ টাকা সাম্মানিক হিসেবে দেওয়া হয়। বর্ষীয়ান নাগরিকদের জন্য সরকারি পেনশনের প্রকল্পগুলিতে আবেদন করার সুযোগ রইলেও, স্বাভিমানী শ্রমিক ভাদেলরা এখনও অবধি সরকার প্রদত্ত এই সহায়তা গ্রহণ থেকে বিরত থেকেছেন
Want to republish this article? Please write to [email protected] with a cc to [email protected]
Donate to PARI
All donors will be entitled to tax exemptions under Section-80G of the Income Tax Act. Please double check your email address before submitting.
PARI - People's Archive of Rural India
ruralindiaonline.org
https://ruralindiaonline.org/articles/bhadels-of-goa-bn

