হাতের তালুতে ওদের ছ'জন এঁটে যাবে দিব্যি। খানিক নুন-লংকা সহযোগে বেটে নিলেই কেল্লাফতে! মারাত্মক সুস্বাদু চাটনি তৈরি। এই কারণেই রামপ্রসাদ তারই সাইজের জনাকয় খুদে খুদে বন্ধুর সঙ্গে প্লাস্টিকের বোতলে খানকতক চাঁদি কাঁকড়া (স্কিলা সের্রাটা) আটক করেছে, মহাভোজ শুরু হল বলে!
মালকভরিপল্লি তান্ডার গনগনে রোদ্দুর এড়াতে ঝাঁকড়া গাছের তলায় পরিপাটি করে বসল ছেলের দল। বাঞ্জারাদের এই জনপদটি অন্ধ্রপ্রদেশের সত্য সাঁই জেলায় পড়ছে। আজকের এই চড়ুইভাতির প্রধান আকর্ষণ মাড ক্র্যাব — ভারতের পূর্ব উপকূল বরাবর এদের দেখা মিলবে, বাংলায় এই 'গ্রিন ক্র্যাব' বা 'ম্যাংগ্রোভ ক্র্যাব'-এর নানান নাম: নোনা কাঁকড়া, চাঁদি কাঁকড়া, হুব্বা কাঁকড়া, শীলা কাঁকড়া, প্রভৃতি।
আমডাগুর মণ্ডলের এই স্থানটি নির্জন এক উপত্যকার মাঝে। খাটো খাটো টিলা বেষ্টিত খেতের মাঝে ফলে আছে ধান, টমেটৌ, লঙ্কা। দৃশ্যটা শস্য শ্যামলা মনোরম বটে, তবে জানা গেল যে এখানকার নলকূপগুলি ৮০০ থেকে ১,২০০ হাত গভীর হওয়া সত্ত্বেও দিনে আট ঘণ্টার বেশি সেচের ইন্তেজাম করা যায়নি।






