“খাটিয়া বোনা তো আমার রক্তে আছে,” একগাল হেসে বলেন কৃষ্ণাবতী। তৃতীয় প্রজন্মের খাটিয়া বুনকর তিনি। “আমি তো বিয়েও করেছি এমন একজনকে যিনি এই কারিগরি ভালোবাসেন!” আমাদের জানালেন ৪৫ বছর বয়সি থারু আদিবাসী কারিগর।
প্রায় তিন দশক ধরে কৃষ্ণাবতী ও তাঁর স্বামী চন্দ্রপাল সিং রানা এই দড়ির খাটিয়া বুনছেন। কাঠ কেটে খাটিয়ার পায়া গড়েন, তারপর দড়ি দিয়ে বোনেন খাটিয়ার পাটি।
গ্রীষ্মে তাপমাত্রা যত বাড়ে, মানুষ খাটের বদলে খাটিয়ায় শুতে পছন্দ করেন বেশি, আর তাই মে থেকে সেপ্টেম্বর কারিগরদের হাত কাজ ভরা থাকে; বাকি বছরটা তাঁরা খেতমজুরি করে চালান। কৃষ্ণাবতী ৩৫০ টাকা দিনমজুরি পান, চন্দ্রপাল পান তার ১০০ টাকা বেশি। বছরে মোট ১২০-১৫০ দিনের কাজ জোটে তাঁদের সাধারণত।















