১৯৯৭ সালে, নিদারুণ দারিদ্র্য আর সংগ্রাম বিহারের দারভাঙ্গা জেলায় নিজের গাঁয়ে ফেলে আলো ঝলমলে মায়ানগর মুম্বইয়ে পাড়ি জমিয়েছিলেন লাল সিং। তারডি গ্রামের খেতমজুর পরিবারের সন্তান লাল সিং এই দেশের ২.১ কোটি অভিবাসীর একজন। বিশ শতকের নয়ের দশকে লাল সিং সহ ২৫ লক্ষ মানুষ নিজ নিজ দেশ-গাঁ-ঘর ছেড়ে মুম্বইয়ে এসে মাথা গুঁজেছিলেন। তাগিদ সবার একটাই - রুজিরুটি। নিরাপত্তা রক্ষী থেকে কারখানার দিনমজুর, রাঁধুনি থেকে অফিসবয়, কখনও আবার কুকুর হাঁটিয়েই অন্নের সংস্থান তাঁর। এতসবের মাঝেই এই শহরে অভিনয় ও লেখালিখির মধ্যে নিজের খোয়াব ও আবেগের দিশা পেয়েছেন লাল সিং।
মুম্বই নগরীতে টানা ২৮টা বছর পেটের দায়ে গতর খাটিয়ে দিন কেটেছে। তবে কিনা, এরই সমান্তরালে প্রতিটা মুহূর্ত কেটেছে নিজের সৃষ্টিশীল মননে শান দিয়েও। লাল সিং ও তাঁর দীর্ঘ যাত্রাপথের এই দাস্তান যতটা হৃদয়বিদারক ততটাই প্রেরণাদায়ক।
অনুবাদ: জশুয়া ও স্মিতা


